চানখারপুলে ৬ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- Update Time : ০৫:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৬৮ Time View

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পাশাপাশি সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক অতিরিক্ত উপকমিশনার (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক ছিলেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এ ছাড়া একই মামলায় অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রমনা জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে চার বছর এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইমরুলও বর্তমানে পলাতক রয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।













