যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না
- Update Time : ০২:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৩৬ Time View

যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন ভিসা শর্ত জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার (২১ জানুয়ারি) থেকে যেসব বাংলাদেশি নাগরিক বি১/বি২ ক্যাটাগরির ভিসায় অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়। এফ বা এম ক্যাটাগরির শিক্ষার্থী ভিসাধারীরা এই বন্ডের আওতামুক্ত থাকবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, সব বি১/বি২ ভিসা আবেদনকারীর জন্য নয়—কেবল প্রয়োজনীয় ও নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসা ও পর্যটন ভিসার আবেদনকারীদের বন্ড পরিশোধ করতে হতে পারে। শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে এই শর্ত কার্যকর হবে না বলে স্পষ্ট করা হয়েছে।
দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড জমা দিলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। পাশাপাশি তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থ পরিশোধে প্রতারণার ঝুঁকি রয়েছে বলেও আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য হবে না।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দেওয়া আরেক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য এই নতুন বন্ড শর্ত প্রযোজ্য হবে না। ভিসার নির্ধারিত শর্ত যথাযথভাবে অনুসরণ করলে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়।
ভিসা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য জানার জন্য আবেদনকারীদের ঢাকার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।














