৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনায়: অর্থ উপদেষ্টা
- Update Time : ১০:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ১৬৬ Time View

দেশের পাঁচটি ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংকের শেয়ারহোল্ডাররা কোন প্রেক্ষাপটে শেয়ার কিনেছেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি জানান, পাঁচটি ব্যাংক একীভূত করার আগেই সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি আলোচনায় ছিল। তবে এখন শেয়ার শূন্য করে নতুন ব্যাংক গঠনের পর শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে—এ প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শেয়ারহোল্ডারদের বিষয়টি অত্যন্ত জটিল। শুধু দাবি করলেই বা বক্তব্য দিলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না।
অর্থ উপদেষ্টা বলেন, আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি তুলনামূলকভাবে সহজ। যার টাকা জমা আছে, তিনি তার অর্থ অবশ্যই পাবেন। কিন্তু শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তারা কোন পরিস্থিতিতে শেয়ার কিনেছেন, বাজারদরে কিনেছেন কি না এবং মালিকানা গ্রহণের ঝুঁকি স্বেচ্ছায় নিয়েছেন কি না—এসব বিষয় বিবেচনায় নিতে হয়।
সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, শেয়ারহোল্ডাররা দাবি করছেন—তারা ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন দেখে শেয়ার কিনেছিলেন এবং গত ৫ আগস্টের আগের আর্থিক প্রতিবেদনে এসব ব্যাংক মুনাফা দেখিয়েছিল। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এসব বিষয়ই এখন পরীক্ষা করা হচ্ছে। কোন প্রেক্ষাপটে শেয়ার কেনা হয়েছে, আর্থিক প্রতিবেদন কতটা সঠিক ছিল—সবকিছু যাচাই-বাছাই করে তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।










