ভারতে বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়
- Update Time : ০৭:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ১৭১ Time View

বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ তার অবস্থানে অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশের এই অবস্থান যুক্তিসংগতভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে উপস্থাপন করা সম্ভব হবে।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের ব্যক্তিগত নিরাপত্তা, দেশের সামগ্রিক নিরাপত্তা এবং সর্বোপরি বাংলাদেশের মর্যাদার প্রশ্নে সরকার কোনো ধরনের আপস করবে না। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে বর্তমান বাস্তবতায় ভারতে নয়—বিকল্প আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ‘এই সিদ্ধান্তে আমরা দৃঢ় অবস্থানে আছি। কেন এই অবস্থান নেওয়া হয়েছে, তা আমরা আইসিসিকে যুক্তি ও বাস্তবতার আলোকে বোঝাতে পারব বলে বিশ্বাস করি। আশা করছি, আইসিসি বিষয়টি নিরপেক্ষভাবে বিবেচনা করবে এবং বাংলাদেশের কঠোর পরিশ্রমে অর্জিত বিশ্বকাপে খেলার অধিকার নিশ্চিত করবে।’
প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। এরই পরিপ্রেক্ষিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।
এ বিষয়ে আইসিসি জানিয়েছে, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে তারা যৌথভাবে কাজ করতে আগ্রহী।













