স্কিম চূড়ান্ত, ৫ ব্যাংকের আমানতকারীরা এখন টাকা তুলতে পারবেন
- Update Time : ১০:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ২৩৮ Time View

পাঁচটি ইসলামি ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করতে সময়সূচিসহ একটি সমন্বিত স্কিম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় প্রণীত এই স্কিমের বিস্তারিত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব সাধারণ গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এসব গ্রাহক একীভূতকরণ কার্যকর হওয়ার পরবর্তী কার্যদিবস থেকেই যেকোনো সময় পুরো টাকা তুলতে পারবেন। তবে যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কিস্তিতে অর্থ উত্তোলনের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে সম্পূর্ণ অর্থ তুলতে সর্বোচ্চ ২৪ মাস সময় লাগবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেবল চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থ নির্দিষ্ট মেয়াদে উত্তোলন করা যাবে। স্কিম কার্যকর হওয়ার তিন মাস পর পরবর্তী এক লাখ টাকা তোলা যাবে। এরপর আরও এক লাখ টাকা করে ৬ মাস, ৯ মাস, ১২ মাস, ১৫ মাস, ১৮ মাস ও ২১ মাস পর উত্তোলনের সুযোগ থাকবে। অবশিষ্ট সম্পূর্ণ অর্থ ২৪ মাস শেষে তোলা যাবে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের চলতি ও সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রেও একই সূচি প্রযোজ্য হবে।
তবে ক্যানসার, কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে তারা নির্ধারিত সময়সীমা বা সীমার বাইরে গিয়েও আমানতের অর্থ উত্তোলন করতে পারবেন।
মেয়াদি ও স্থায়ী আমানতের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ আমানতকারীরা তাদের স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা নিতে পারবেন। তিন মাস মেয়াদি স্থায়ী আমানত স্কিম কার্যকর হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তিনবার নবায়ন হবে। ৩–৬ মাস ও ৬–১২ মাস মেয়াদি আমানত দুবার করে নবায়ন হবে।
এ ছাড়া এক থেকে দুই বছর মেয়াদি আমানত তিন বছর মেয়াদি আমানতে, দুই থেকে তিন বছর মেয়াদি আমানত চার বছর মেয়াদিতে এবং তিন থেকে চার বছর মেয়াদি আমানত পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তরিত হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদপূর্তির পর পরিশোধযোগ্য হবে।
একই সঙ্গে পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়াও চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক এবং নতুন ব্যাংকের লোগো উন্মোচন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে অধিগ্রহণ করবে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
নতুন ব্যাংক পরিচালনার জন্য প্রাথমিকভাবে সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে, যার অন্তত ৫০ শতাংশ সদস্য হবেন স্বতন্ত্র পরিচালক।










