জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার দাফন হতে পারে
- Update Time : ১২:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৪৭ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানাজা ও দাফন সংক্রান্ত আনুষ্ঠানিক ব্যবস্থাপনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায়, ফজরের নামাজের পরপরই ইন্তেকাল করেছেন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে সময় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তাঁর বুকে সংক্রমণ ছিল এবং হৃদ্যন্ত্র ও ফুসফুস আক্রান্ত হয়েছিল।













