খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, ৪টি চাকরির পরীক্ষা স্থগিত
- Update Time : ০৯:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ২১৩ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ও ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এই প্রেক্ষাপটে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার একাধিক চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত ও পুনঃনির্ধারণ করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের মৌখিক পরীক্ষা, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা এবং ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
সরকারঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, পরীক্ষাটি আগামী ৯ জানুয়ারি ২০২৬ আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত তারিখ দ্রুত জানানো হবে।
৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত মৌখিক পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
পরিসংখ্যান ব্যুরোর মৌখিক পরীক্ষা স্থগিত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য তারিখের মৌখিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।
টিসিবির মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩১ ডিসেম্বরের পরিবর্তে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি ২০২৬।













