হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি
- Update Time : ০৮:২২:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১৯১ Time View

হাদির হত্যাকারী ফয়সালের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। তবে ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলেও তিনি উল্লেখ করেন।
এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তের স্বার্থে সব সম্ভাব্য দিক গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং সঠিক তথ্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে।
এ সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে ব্যক্তিগত শত্রুতা বা ব্যক্তিগত কোনো উদ্দেশ্যের আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে এবং সব সংস্থা সমন্বিতভাবে তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।









