হাদির জানাজা শেষে শাহবাগে অবস্থান, হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- Update Time : ০৯:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৫৩ Time View

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, আগামীকাল বিকেল সোয়া ৫টার মধ্যে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট অগ্রগতি বা বক্তব্য না এলে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এই আন্দোলন চলবে এবং খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শেষে শাহবাগ মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জানাজা শেষে রাজধানীর শাহবাগ মোড়ে হাজারো মানুষ অবস্থান নেয়। এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন নেতাকে নয়, একটি গণআন্দোলনকেই আঘাত করেছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মানুষজন ‘ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন। পাশাপাশি তারা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘হাদি চত্বর’ রাখার দাবিও উত্থাপন করেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার পর থেকেই শাহবাগ মোড়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হতে শুরু করে। এতে ওই এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। হাদির দাফন সম্পন্ন হওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগে জনসমাগম আরও বেড়ে যায়, যার ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।
অবস্থানরত অনেককে সেখানেই আসরের নামাজ আদায় করতে দেখা যায়। পুরো এলাকায় শোক, ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়।
এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরদিন তার মরদেহ দেশে পৌঁছায়।
হাদির হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।













