কর্মবিরতিতে ব্যাহত স্বাস্থ্যসেবা: মন্ত্রণালয় নির্দেশ, আন্দোলনকারীদের দ্রুত কাজে ফেরার আহ্বান
- Update Time : ০২:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ১০০ Time View

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতি হাসপাতালের জরুরি ও নিয়মিত সেবা থমকে দিয়েছে। এ পরিস্থিতি রোগীদের জন্য মারাত্মক ভোগান্তি সৃষ্টি করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মাদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি থাকলেও কর্মবিরতির কারণে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সাপ্লাই ব্যাহত হচ্ছে। এতে রোগীদের শারীরিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে জনস্বার্থ রক্ষার স্বার্থে মন্ত্রণালয় আন্দোলনকারীদের অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে দায়িত্বে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নসহ দীর্ঘদিনের দাবি ইতোমধ্যে অগ্রগতির পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলেছে।
মন্ত্রণালয় জানায়, আন্দোলনকারীদের প্রতিনিধিরা সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং বাস্তব অগ্রগতির বিষয়ে অবগত হয়েছেন। আলোচনার পরিবেশ ফলপ্রসূ হওয়া সত্ত্বেও কর্মবিরতি অব্যাহত রাখায় মন্ত্রণালয় হতাশা প্রকাশ করেছে। তাদের মতে, রোগীদের জিম্মি রেখে আন্দোলন চালিয়ে যাওয়া স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া দাবি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলায় কর্মসূচির যৌক্তিকতাও ক্রমেই কমে আসছে।
বিজ্ঞপ্তিতে সতর্কভাবে উল্লেখ করা হয়েছে, অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হলে তা সরাসরি জনস্বার্থের বিরুদ্ধে যায়। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য হবে। মন্ত্রণালয় জনগণকে আশ্বস্ত করেছে যে, স্বাস্থ্যসেবা পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, “রোগীর কল্যাণ ও জনস্বার্থ সর্বোপরি। তাই আন্দোলনকারীদের দ্রুত দায়িত্বে ফিরে এসে স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”













