ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি
- Update Time : ০৮:০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৯৯ Time View

ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি
ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ইসলামী নেতাদের
ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন। তারা বলেছে, মহান আল্লাহর শানে অবমাননাকর ভাষা ব্যবহার শুধু ফৌজদারি অপরাধই নয়, এটি বাংলাদেশের কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত। এজন্য কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
হেফাজতে ইসলামের বক্তব্য
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে জানান, আবুল সরকার প্রকাশ্যে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সাধারণ মানুষের ক্ষোভের মুখে গ্রেপ্তার হয়েছেন। তিনি বলেন,
“ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের কোনো ছাড় দেওয়া যাবে না। প্রশাসন যদি প্রতিবাদী আলেম–ওলামা বা সাধারণ মানুষকে হয়রানি করে, তবে তার পরিণতি ভালো হবে না।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বাউল শিল্পীরাও আবুল সরকারের বক্তব্যের নিন্দা জানিয়েছেন—অতএব বিষয়টি আড়াল করার সুযোগ নেই। এই ঘটনায় যারা আবুল সরকারের পক্ষ নিয়ে বক্তব্য দিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন—তারা কি ধর্ম অবমাননার অধিকার দাবি করছেন?
হেফাজত মহাসচিব অভিযোগ করেন, বাউলবাদের আড়ালে ইসলামবিরোধী বক্তব্য ছড়িয়ে কেউ সুফিবাদের দাবি করতে পারে না। তিনি দাবি করেন, “আবুল সরকারের স্পষ্ট ধর্ম অবমাননার পরও তার পক্ষ নেওয়া এদেশে ভারতপন্থী উগ্র চক্রের অপকৌশল।”
ঢাকা জেলা উত্তর হেফাজতের হুঁশিয়ারি
হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী ও সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম এক বিবৃতিতে বলেন, আবুল সরকার যে ভাষায় আল্লাহর শানে অবমাননা করেছেন, তা কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতা নয়; বরং ইসলাম বিদ্বেষ।
তারা অভিযোগ করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার পর প্রশাসনের কিছু কর্মকর্তা মানিকগঞ্জের আলেম–ওলামাকে হয়রানি করছেন। তারা বলেন,
“এই হয়রানি বন্ধ না হলে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে অচল করে দেওয়া হবে।”
মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের দাবি
সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, অভিযোগটি সংবেদনশীল হওয়ায় নিরপেক্ষ তদন্ত ও আইনি বিচারই একমাত্র গ্রহণযোগ্য পথ। তিনি বলেন,
“ধর্মীয় বিষয়ে দায়িত্বশীলতা ও সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত আক্রমণ বা সংঘর্ষ কোনোটিই কাম্য নয়।”
তিনি সতর্ক করে বলেন, গুজব বা আবেগ নয়—প্রমাণের ভিত্তিতেই বিচার হতে হবে; আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
নেজামে ইসলাম পার্টির তীব্র সমালোচনা
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম ফরিদী দাবি করেন, বাউল সম্প্রদায়ের একটি অংশ দেহ–সাধনা ও আধ্যাত্মিকতার নামে মুসলমানদের ঈমান নষ্ট করছে। তিনি বলেন,
“বাউল আবুল সরকারের মতো ব্যক্তিরা ইসলামের মৌলিক বিধানকে তুচ্ছ করে জনগণকে কুফরি ও বিদআতের দিকে ঠেলে দিচ্ছে। এদের কার্যক্রম নিষিদ্ধ করার এখনই উপযুক্ত সময়।”
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হলে সাধারণ মানুষ বিশ্বাসের বিভ্রান্তি থেকে রক্ষা পাবে।













