নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পর ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় দেবে আইএমএফ
- Update Time : ০২:০০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২৬৫ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আগামী নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করেই বাংলাদেশের জন্য ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে আইএমএফের একটি নতুন মিশন বাংলাদেশে আসবে। তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে, কবে এবং কীভাবে ঋণ ছাড় দেওয়া হবে।
তিনি জানান, আইএমএফের প্রস্তাবে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে আপাতত ঋণের কিস্তি নেওয়া হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার গঠনের পর নতুন আলোচনার মাধ্যমে ঋণ ছাড়ের প্রক্রিয়া শুরু হবে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “আইএমএফ আমাদের কাজের প্রশংসা করেছে, তবে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছে—বিশেষ করে রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে। অনেকেই ট্যাক্স দিতে চান না, আর এনবিআরের কাজ কিছুদিন বন্ধ থাকায় রাজস্ব আদায় কমেছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারের কথাও বলেছে আইএমএফ।”
তিনি আরও জানান, নতুন সরকারের জন্য আইএমএফ ঋণ, সংস্কার শর্ত, পে কমিশন এবং ব্যাংকিং খাত সংস্কার–সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে, যাতে নির্বাচনের পর দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।



