ডাকসুর ফলাফল রাতেই: রিটার্নিং অফিসারের ঘোষণা
- Update Time : ০৯:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা থেকে ১২টার মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং অফিসার বলেন, “আমাদের ধারণা অনুযায়ী মোট ভোটারের প্রায় ৮০ শতাংশ বা তারও বেশি শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফল প্রকাশের কাজ দ্রুত এগোচ্ছে। আশা করছি রাত ১১টা বা সর্বোচ্চ ১২টার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।”
এর আগে সকাল থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভোট শেষে একাধিক হলে ইতোমধ্যেই গণনার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টার মধ্যেই অধিকাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। বিকেল পর্যন্ত বিভিন্ন হলে ভোটার উপস্থিতির হার ছিল সন্তোষজনক। শহীদুল্লাহ মুসলিম হলে ভোট কাস্ট হয়েছে ৭৫ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হলে ৭৯ শতাংশ, অমর একুশে হলে ৬২ শতাংশ এবং বিজয় একাত্তর হলে সর্বোচ্চ ৮৫.০২ শতাংশ। অন্য হলগুলোর চূড়ান্ত তথ্য কমিশনের হাতে পৌঁছায়নি।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে অনুষ্ঠিত হচ্ছে হল সংসদের নির্বাচন, যেখানে প্রতিটি হলে ১৩টি করে পদ থাকায় মোট পদের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪টি। এসব আসনে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
এবারের নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বাম ছাত্র সংগঠনগুলোর গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, তিনটি বাম সংগঠনের যৌথ প্যানেল ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ আরও বেশ কয়েকটি সংগঠন। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর আয়োজিত এ নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং একাধিক প্যানেলের সক্রিয় ভূমিকা ডাকসুর গণতান্ত্রিক ঐতিহ্যকে নতুন প্রাণ দিয়েছে। এখন পুরো শিক্ষাঙ্গন ও জাতির দৃষ্টি নিবদ্ধ রাতের ফলাফল ঘোষণার দিকে।










