নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে: সাদিক কায়েম
- Update Time : ১২:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না। তিনি বলেন, “আমরা বহু অভিযোগ দিয়েছি, কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা তো নিরাপদ ক্যাম্পাসের কথা বলছি, কিন্তু বহিরাগতদের এনে কীভাবে সেই নিরাপত্তা নিশ্চিত হবে?”
শনিবার (৬ সেপ্টেম্বর) বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডাকসু নিয়ে তার অঙ্গীকার
সাদিক কায়েম বলেন, “প্রতি বছর ক্যাম্পাসে যেভাবে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, ঠিক সেভাবে ডাকসুও ক্যালেন্ডারের মতো নিয়মিত আয়োজন করব ইনশাআল্লাহ। প্রতি বছর একই সময়ে ডাকসু নির্বাচন হবে, আমরা সেই কাজ করব।”
শিক্ষক নিয়োগে স্বচ্ছতা
তিনি আরও বলেন, “আমরা চাই একাডেমিক উৎকর্ষতা অর্জনকারীরা শিক্ষক হিসেবে নিয়োগ পাক। ডিপার্টমেন্টে যাদের রেজাল্ট ভালো থাকবে, যাদের একাডেমিক দক্ষতা থাকবে, তাদের নিয়োগ দিতে হবে। কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি রাজনৈতিক মতাদর্শকে প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়োগ হয়েছে। এ প্রথা বন্ধ করতে চাই।”
আবাসন সংকট ও শিক্ষার্থীদের জীবনমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একটি সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “আবাসন সংকট দীর্ঘমেয়াদি। নতুন হল নির্মাণ ছাড়া এর সমাধান নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল নির্মাণে বাধ্য করব।”
তিনি আরও অঙ্গীকার করেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব। আমরা যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেই স্বপ্ন পূরণের পরিবেশ তৈরি করব।”





