“উন্নয়ন হোক সবার জন্য, শুধু ঢাকার জন্য নয়: ব্রাহ্মণবাড়িয়ায় নাহিদ ইসলাম”
- Update Time : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২১৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৪ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “উন্নয়ন শুধু রাজধানী ঢাকাকেন্দ্রিক হলে চলবে না। বাংলাদেশের প্রতিটি জেলায় উন্নয়নের সুফল পৌঁছাতে হবে। ব্রাহ্মণবাড়িয়া গ্যাসসমৃদ্ধ একটি অঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার মানুষ এখনো সেই সম্পদের পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত। এটা গ্রহণযোগ্য নয়।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন এবং বক্তৃতা দেন স্থানীয় নেতাকর্মীরাও।
নাহিদ ইসলাম বলেন, “যে গ্যাস ব্রাহ্মণবাড়িয়া থেকে উত্তোলন করা হচ্ছে, সেই গ্যাসে আলোকিত হচ্ছে ঢাকা, ময়মনসিংহসহ দেশের অন্যান্য অঞ্চল। অথচ যে অঞ্চলের বুক থেকে এই সম্পদ তুলে নেওয়া হচ্ছে, সেই অঞ্চলের মানুষই তা ব্যবহার করতে পারছে না। এটি এক ধরনের বৈষম্য, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই না, যেখানে উন্নয়ন হয়, কিন্তু সেই উন্নয়নের মূল উৎসভূমির মানুষ বঞ্চিত থাকে। এটি অর্থনৈতিক ন্যায্যতার পরিপন্থী। আমাদের দাবি, উন্নয়ন হোক অংশীদারিত্বমূলক, হোক সুষম এবং হোক ন্যায্য বণ্টনের ভিত্তিতে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, “এই অঞ্চল সবসময়ই স্বৈরশাসন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইনসাফের পক্ষে আন্দোলন করেছে, প্রয়োজন হলে জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি। ব্রাহ্মণবাড়িয়ার সাহসী ভূমিকা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আজও স্মরণীয়।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের সরকার ব্রাহ্মণবাড়িয়াকে একটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানিয়েছে। এই জেলায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডে অবহেলা করা হয়েছে। এর পেছনে কারণ হলো, এখানকার মানুষ বারবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, আন্দোলনে অংশ নিয়েছে। এই প্রতিবাদী ভূমিকা ও রাজনৈতিক চেতনার কারণেই বারবার উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। আমরা গণতন্ত্র, ইনসাফ ও সাম্যতাভিত্তিক রাষ্ট্র চাই। যেখানে ঢাকাসহ রাজধানীকেন্দ্রিক উন্নয়ন নয়, বরং প্রতিটি জেলার জন্য থাকবে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস শুধু দেশের অন্য অঞ্চলের ঘরে আলো জ্বালাবে না, এই জেলার প্রতিটি ঘরেও সেই আলো পৌঁছাতে হবে।”
সভায় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরাও বক্তব্য দেন এবং সরকারের উন্নয়ন বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বক্তারা সরকারের প্রতি ব্রাহ্মণবাড়িয়াকে উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।











