এবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ
- Update Time : ০৫:২০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ২২৫ Time View

প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন এক ব্যবসায়ী, যিনি দাবি করেছেন যে তাকে তুলে নিয়ে ডিবি অফিসে ১০ দিন ধরে নির্যাতন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) তিনি এই অভিযোগটি দাখিল করেন। অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় ঘটে যাওয়া সব গুমের ঘটনা তদন্তেরও দাবি জানানো হয়েছে।
একই দিনে, সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় তার মামাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন। এই অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ৭৮ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ১৮২টি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ১৬২টি হত্যা মামলা।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে ১৩টি এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ৯টি অভিযোগসহ মোট ২২টি অভিযোগ জমা পড়েছে।
এই মামলাগুলোর মূল অভিযোগ হলো, শেখ হাসিনার নির্দেশে পুলিশ, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সদস্যরা আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেছে। মামলাগুলোতে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশার লোকদের আসামি করা হয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা এবং শীর্ষ পর্যায়ের নেতা মিলে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।






