অ্যান্টিট্রাস্ট তদন্তে বিপাকে এনভিডিয়া: একদিনে পুঁজিবাজারে ২৭৯০০ কোটি ডলার ক্ষতি
- Update Time : ১১:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯৩ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাণে শীর্ষস্থানীয় কোম্পানি এনভিডিয়া সম্প্রতি অ্যান্টিট্রাস্ট তদন্তের জেরে বড় ধরনের সমস্যায় পড়েছে। গত মঙ্গলবার এই তদন্ত-সম্পর্কিত প্রতিবেদনের কারণে কোম্পানির শেয়ারমূল্য এক দিনে ৯ দশমিক ৫ শতাংশ কমে যায়, যা কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় পতন হিসেবে চিহ্নিত হয়েছে। এতে এনভিডিয়া পুঁজিবাজারে ২৭ হাজার ৯০০ কোটি ডলার হারিয়েছে, যা ২০২২ সালে মেটার ২৪ হাজার কোটি ডলারের ক্ষতির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এই খবর সিএনএন থেকে জানা গেছে।
প্রযুক্তি বিশেষজ্ঞ ডেভিড গোল্ডম্যানের মতে, এনভিডিয়ার শেয়ারমূল্যের এই পতনের অন্যতম কারণ হতে পারে সম্ভাব্য অ্যান্টিট্রাস্ট তদন্ত, যা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মাধ্যমে পরিচালিত হতে পারে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, এনভিডিয়াকে এই তদন্তের অংশ হিসেবে একটি সাবপেনা পাঠানো হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এনভিডিয়া এ ধরনের কোনো তদন্তের বিষয়টি সরাসরি অস্বীকার করেছে। কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি, এবং আমরা কোনো সাবপেনা পাইনি। তবে আমরা নিয়ন্ত্রক সংস্থাগুলোর যেকোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি।’
বিশেষজ্ঞরা মনে করছেন, এনভিডিয়ার শেয়ারের মূল্য কমে যাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা। কারণ এনভিডিয়া যে বাজারমূল্য হারিয়েছে, তার সমান আকারের বা তার চেয়ে বড় মাত্র ২৭টি কোম্পানি রয়েছে সারা বিশ্বে। এর ফলে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, যিনি কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার, এক দিনে ১ হাজার কোটি ডলার ব্যক্তিগতভাবে হারিয়েছেন।
গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) জন্য সুপরিচিত এনভিডিয়া সম্প্রতি তাদের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদন প্রকাশ করে। কোম্পানিটির আয় প্রযুক্তি বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে বেশি হলেও, বিনিয়োগকারীরা পরবর্তী প্রান্তিকের পূর্বাভাস নিয়ে হতাশ হন, যার ফলে শেয়ারমূল্যে প্রভাব পড়ে।
তবে সিএনএন জানিয়েছে, সাম্প্রতিক এই বড় পতনের পরেও এনভিডিয়ার বাজারমূল্য বর্তমানে ২ লাখ ৭০ হাজার কোটি ডলার। এআই প্রযুক্তির প্রতি বিনিয়োগকারীদের আশাবাদ এখনো শক্তিশালী রয়েছে। এ প্রসঙ্গে জেনসেন হুয়াং উল্লেখ করেছেন, ‘যারা এনভিডিয়ার প্রযুক্তি অবকাঠামোতে বিনিয়োগ করছেন, তারা তাৎক্ষণিকভাবে লাভবান হচ্ছেন। আমাদের উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউএস) ডাটা প্রসেসিংয়ের খরচ কমিয়ে ও দক্ষতা বাড়িয়ে ক্লায়েন্টদের জন্য বড় আর্থিক সুবিধা নিয়ে আসে।’
বিশ্লেষক ড্যান আইভস এনভিডিয়ার শেয়ার পতনকে বিনিয়োগকারীদের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন। তার মতে, কম মূল্যে শেয়ার কেনার মাধ্যমে বিনিয়োগকারীরা ভবিষ্যতে স্টকের মূল্যবৃদ্ধি থেকে লাভবান হতে পারেন। বিশেষ করে এনভিডিয়ার মতো একটি কোম্পানি প্রযুক্তি শিল্পে প্রবৃদ্ধির সম্ভাবনা ধরে রাখছে।











